ঢামেকে ছাত্রলীগের হাতে ৩০ সাংবাদিক অবরুদ্ধ 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েকশত ছাত্রলীগ নেতাকর্মীরা জরুরি বিভাগ দখলে নিয়েছেন। এ সময় তারা সাংবাদিক দেখে তেড়ে আসেন। পরে অন্তত ৩০ জন সাংবাদিককে ধাওয়া দিয়ে তারা ডিএমসির সাংবাদিকদের বসার কক্ষে নিয়ে  ৪ মিনিটের মতো অবরুদ্ধ করে রাখে। তারপর সাংবাদিকদের আইডি কার্ড দেখে দেখে সেই কক্ষ থেকে বের হতে দেয়।

সোমবার কোটাবিরোধী আন্দোলনে হামলা-সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা এই পরিস্থিতির শিকার হন। এদিকে ছাত্রলীগের হাত থেকে বাঁচতে ওই কক্ষের কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা সেই গেট টেনে খুলে ফেলার চেষ্টা করে। 

এই সময় বাইরে থাকা ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা ও রড উঁচিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকজনকে বলতে শোনা যায়, রাজাকার বাইর হইয়া আয়।

ওই কক্ষে সাংবাদিকদের সঙ্গে অবরুদ্ধ ছিলেন ঢামেক পার্কিংয়ের কর্মরত কয়েকজন। তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাংবাদিকদের আইডি দেইখা দেইখা বাইর হইতে দিছে। আমরা কয়েকজন পার্কিংয়ে কাজ করি ও পানি সাপ্লাই দেয় এমন কয়েজনকে তারা মারতে চাইছিল। কিন্তু হাসপাতালের স্টাফরা আইসা আমাগো বাঁচাইছে। ওরা খুব মুখ খারাপ করতেছিল। যাতা বইলা গালাগালি করতেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত