ঢামেকে শিশু মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত পাঁচজন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে স্বজন ও হাসপাতাল স্টাফদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুরান ঢাকার বংশাল এলাকা থেকে আসা শতাধিক যুবক হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বংশাল থেকে নয় বছর বয়সী একটি শিশুকে বিকালে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে শিশুটি মারা গেলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

পরে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে ভাঙচুর চালায় ও ট্রলিম্যানসহ অন্যান্য স্টাফদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুইজন ঢামেকেই চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটি মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসক ও স্টাফদের সঙ্গে ঝগড়ায় জড়ান। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে হাতাহাতি হয়। এ ঘটনার পর বংশাল এলাকা থেকে শতাধিক যুবক এসে জরুরি বিভাগে হামলা চালায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা দেখা দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত