বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ কোটা সংস্কারের জন্য উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। এর কারণ প্রধানমন্ত্রী যৌক্তিক আন্দোলন পরিপন্থী কথা বলেছেন। তিনি বলেছেন, যারা আন্দোলন করছেন, তারা নাকি রাজাকারের নাতি। ২০১৮ সালে আপনি আন্দোলনরত ছাত্রদের সান্ত্বনা দিতে বাতিল করেছিলেন। মনে আক্রোশ পুষে রেখেছিলেন, সময়মতো সেটি কাজে লাগাবেন। তাই লাগিয়েছেন। আমি যদি ৩৪ বছর আগে ফিরে যেতে পারতাম। তাহলে এই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিতাম।’
গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামের বাসায় তার পরিবারের খোঁজখবর নিয়ে সাংবাদিকদের রিজভী এ কথা বলেন।
রিজভী প্রশ্ন করে বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধের সময় আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কোথায় ছিলেন? ঢাকায় তো ছিলেন স্বামীকে নিয়ে। কই স্বামীকে তো মুক্তিযুদ্ধে পাঠাননি।’ তিনি বলেন, ‘খন্দকার এনামের স্ত্রীর মর্মস্পর্শী কথাগুলো হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। এটি বিরোধী রাজনীতির সবার পরিবারের কথা। কারণ, এই পরিবারগুলো বেশি দুর্ভোগে রয়েছে। আমাদের স্থায়ী ঠিকানা করে দেওয়া হয়েছে কারাগার।’
এ সময় এনামের স্ত্রী নাজনীন আক্তার লতা বলেন, ‘আমরা সব সময় নিরাপত্তাহীনতা ভুগি। আমার দুটি বাচ্চার জন্মের সময় স্বামীকে কাছে পাইনি। এর চেয়ে কষ্ট আর কী হতে পারে? জন্মের পর সন্তানদের মুখ দেখতে পারেনি আমার স্বামী। বাবা বেঁচে থাকার পরও আমার সন্তানেরা এতিম।’
রিজভীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মো. রফিকুল ইসলাম, মাহমুদুর রহমান সুমন, জয়দেব জয় প্রমুখ।
