ঢাকা মেডিকেলে আরও এক মরদেহ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম

চলমান কোটা আন্দোলনে ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিল। তখন একটি রিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে আসি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে পুলিশ সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবু সাঈদ নামের এক ছাত্র নিহত হন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র বলে জানা গেছে।

এ ছাড়া চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

সিএমপি কমিশনার সাইফুল ইসলাম বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী, আরেকজন পথচারী। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত