সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:১৪ এএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে দেশ জুড়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সব বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষাকার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানানো হয়।

তবে ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত স্বায়ত্তশাসিত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের শিক্ষা কার্যাক্রমের বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে। এর মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আজ বুধবার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এদিকে দেশে চলমান বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে মন্ত্রণালয়। তবে ২১ জুলাইয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক হলও ছাড়তে হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দিয়েছে ইউজিসি।

গতকাল রাতে ইউজিসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে দেওয়া এক চিঠিতে বলেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে।

অন্যদিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত