শিক্ষার্থীদের তোপের মুখে আবাসিক হল ছেড়ে চলে গেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমান।
বুধবার (১৭ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে শাহপরাণ হল থেকে বের হয়ে সাদা মাইক্রোবাসে করে ক্যাম্পাসের পেছনের টিলারগাঁও এলাকা দিয়ে চলে যান।
এ সময় তাদের সাথে ছাত্রলীগের ৫/৭ জন নেতাকর্মীদের দেখা যায়। এর আগে, ছাত্রলীগ নেতাদের ব্যাগ নিয়ে তাড়াহুড়ো হয়ে বের হয়ে আবাসিক হল ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তারা সাধারণ শিক্ষার্থীদের ভয়ে টিলারগাঁও হয়ে বিমানবন্দর এলাকা দিয়ে পালিয়ে গেছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল ৩টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে। আমরা প্রশাসনের নিয়ম মেনেই হল ত্যাগ করেছি। আমরা কোন হিংস্র রাজনীতিতে বিশ্বাসী না। তাই আমরা হল ত্যাগ করেছি।’
