সূর্যসেন হল ঘিরে রেখেছে পুলিশ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল ঘিরে রেখেছে ৩ শতাধিক পুলিশ। ইতোমধ্যে হলের ভেতরে অবস্থানরত কোটা  সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে ২৫-৩০ টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই হলের ভেতরে অবস্থান করছিলেন। অপরদিকে হলের ভেতরে পুলিশ ঢোকার প্রস্তুতি নিচ্ছে বলে দেখা গেছে। এ প্রতিবেদন লেখার সময় হলের মেইন গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জানাজা শেষ করে রাজু ভাস্কর্যের দিকে রওনা দেই। পুলিশ কোনো উসকানি ছাড়াই আমাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশ সুকৌশলে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন দিকে ছুটে যাই। এখন সূর্যসেন হলের ভেতরে পুলিশ হামলা চালিয়েছে ও হলের ভেতরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। আমরা আতঙ্কিত।

এর আগে বিকেল ৪টার দিকে সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গায়েবানা জানাজা কর্মসূচির পর কফিন মিছিল শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা পুরো জমায়েত নিয়ে রাজু ভাস্কর্যের দিকে রওনা দেন। কোটা সংস্কারপন্থীরা যখন রোকেয়া হল বরাবর পৌঁছায় তখন রোকেয়া হল ও ভিসি চত্ত্বর উভয় পাশ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। ক্যাম্পাস জুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশে। ক্যাম্পাসের বাইরের ফটকগুলোতে বিজিবির সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত