জাবিতে পুলিশের টিয়ারশেল ও ছররা গুলিতে ৩০ শিক্ষার্থী আহত

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও ছররা গুলি চালিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুই ঘণ্টা সংঘর্ষের পর টিয়ারশেল, ও ছররা গুলিতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বুধবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সড়কে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্রের উপপরিচালক মো. রেজওয়ানুর রহমান বলেন, 'পুলিশের টিয়ারশেল ও ছররা গুলিতে এখন পর্যন্ত ৩০ জন শিক্ষার্থী আহত হয়ে আমাদের এখানে এসেছেন। এর মধ্যে চারজন গুরুতর আহত হওয়ায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে'।

বটতলা থেকে কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। গাড়ি না থাকায় চিকিৎসার জন্য বাইরে যেতে পারছি না।

এর আগে দুপুর ১টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও পুলিশ কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন  সড়কে মুখোমুখি অবস্থান করছিলেন। বিকেল পাঁচটার দিকে পুলিশ শিক্ষার্থীদেরকে হলে ফিরে যেতে বললে তারা অস্বীকার করলে পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ারশেল,  রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল এবং পরিবহন চত্বরের দিকে চলে যান এবং পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। এরপর শিক্ষার্থী ও পুলিশের মধ্যে কয়েক দফা ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিকেল ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া চলমান ছিল।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তাদেরকে অনেক সময় ধরে বুঝিয়েছি। তারা চাইলে হলে ফিরে যেতে পারত। কিন্ত তারা তা না করে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা বাধ্য হয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনানুগ ব্যবস্থা নিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত