কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। ক্যাম্পাস জুড়ে টহল দিচ্ছে বিজিবির অন্তত ৩০টি গাড়ি। ক্যাম্পাসের বাইরের ফটকগুলোতে বিজিবির সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে।
হল ছেড়ে বাড়িতে ফিরছেন সূর্য সেন হলের শিক্ষার্থী শাকিল। ২০১৭-২০১৮ সেশনের দর্শন বিভাগ পড়ুয়া এই শিক্ষার্থীর সঙ্গে কথা হয় শাহবাগ থানার সামনে দুপুর সাড়ে ১২টার দিকে। তিনি বলেন, হলের অবস্থা ভালো না। আমরা যারা সাধারণ শিক্ষার্থী তারা নিরাপদ বোধ করছি না। অবস্থার ভয়াবহতা দেখে আমি রুম থেকে বের হতে পারিনি। আমি রুমে বসেই শুনেছি প্রচুর ভাঙচুরের শব্দ। তবে কার রুম ভাঙা হয়েছে জানি না। হলে নিরাপদ বোধ না করায় বাড়ি ফিরে যাচ্ছি।
একই সময়ে হল ছেড়ে যাচ্ছিলেন জিয়া হল ও রোকেয়া হলের ছাত্র-ছাত্রীরা। কথা হয় জিয়া হলের ৫৩৮ নাম্বার কক্ষের শিক্ষার্থী ইব্রাহিমের সঙ্গে। তিনি বলেন, হলের অবস্থা ভালো না। আমিসহ আরোও চারজন এক সঙ্গে হল ছেড়ে যাচ্ছি।
কথা হয় রোকেয়া হলের শিক্ষার্থী রিমি আক্তারের সঙ্গে। তিনি আরো একজন সহপাঠীর সঙ্গে হল ছাড়ছিলেন। তিনি বলেন, আমাদের হল এখন শান্ত। কোন ঝুঁকি নেই। কিন্তু হল ছাড়ার নির্দেশনা থাকায় আমরা চলে যাচ্ছি।
