চ্যাম্পিয়ন্স ট্রফি: আইসিসির সভায় কী অবস্থান নেবে ভারত?

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০২:১০ পিএম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বেশ কয়েকমাস বাকি থাকলেও ভারত আর পাকিস্তানের মাঝে শুরু হয়েছে কথার লড়াই। রাজনৈতিক কারণে বহুদিন ধরেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। পাকিস্তানের মাটিতে খেলতে যায় না ভারতীয় দল। এবারও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। তাই ভারত সেখানে যেতে আবারও আপত্তি জানিয়েছে বলে দেশটির গণমাধ্যমে দাবি করা হয়েছে।

এমতাবস্থায় আগামী ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত কলম্বোতে আইসিসির সভা অনুষ্ঠিত হবে। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, এই সভায় পাকিস্তানে না যাওয়ার ব্যাপারে প্রস্তাব দেবে ভারত। সভায় অংশ নিতে কলম্বো যাচ্ছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। যদিও ভারত-পাকিস্তান ইস্যু বার্ষিক সাধারণ সভার কোনো আলোচ্য বিষয় নয় তবু এই আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে ভারতের আপত্তির কারণে গত এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। আসরের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারত ফাইনালসহ তাদের সবগুলো ম্যাচ খেলেছে শ্রীলঙ্কায়। আয়োজক হয়েও কম ম্যাচ পেয়েছিল পাকিস্তান। তাই এবার তারা পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতেই আয়োজন করতে চায়। কিন্তু ভারত বেঁকে বসলে সেটা সম্ভব হবে কি?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত