বাড্ডা-রামপুরায় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।
হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের মরদেহে বুকের কাছে একটি গোল ক্ষত চিহ্নিত করা হয়েছে বলে তিনি জানান। তবে এটি বুলেটের ক্ষত কি না, তা এখনো নিশ্চিত নয়।
রুবেল জানান, আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন পুলিশ ও শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসা দিতে হাসপাতালের কর্মীরা হিমশিম খাচ্ছেন।
