দেশব্যাপী চলছে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কটি প্রায়ই আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় মহাসড়কে অবরোধ দেয় তারা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আশুগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে গোলচত্বর ও সোনারামপুর ঘুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় গিয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাঁধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয়।
পরে টোলপ্লাজার কাউন্টারের সামনে বসে পরে শিক্ষার্থীরা। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রায় আড়াই ঘণ্টা পর তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
