মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

সরে দাঁড়ালেন বাইডেন, প্রার্থী হওয়ার পথে এগিয়ে কমলা হ্যারিস

  • দলটির শীর্ষস্থানীয় নেতাদের সমর্থনে অনেকটাই নিশ্চিত হয়েছে কমলার মনোনয়ন
  • এ পর্যন্ত ১ হাজার ৯৭৬ জন ডেমোক্রেট প্রতিনিধি সমর্থন জানিয়েছেন কমলা হ্যারিসকে
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১০:২৫ এএম

দলীয় চাপ আর নানা নাটকীয়তার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন জো বাইডেন। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

তবে প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহারের পর নতুন প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন বাইডেন। এরই মধ্যে দলটির শীর্ষস্থানীয় নেতাদের সমর্থনে অনেকটাই নিশ্চিত হয়েছে তার মনোনয়ন।

তবে চূড়ান্ত ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে চার সপ্তাহ পর শিকাগোতে আয়োজিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন পর্যন্ত। তবে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। খবর এএফপি।

গতকাল মঙ্গলবার প্রচারণায় ভোটারদের কাছে টানার চেষ্টা করেন কমলা। চার মাসের কম সময়ের মধ্যে তিনি আমেরিকান ভোটারদের কতটা আশ্বস্ত করতে পারবেন, বর্তমানে এটিই তাঁর জন্য প্রধান চ্যালেঞ্জ।

সোমবার রাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কমলা ভোটারদের বলেন, ‘আমি জানি তিনি কেমন মানুষ। একজন নিষ্ঠুর অপরাধী ও প্রতারক। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে আমরা জিততে চলেছি।‘

মার্কিন গণমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ হাজার ৯৭৬ জন ডেমোক্রেট প্রতিনিধি সমর্থন জানিয়েছেন কমলা হ্যারিসকে। তালিকায় রয়েছেন চাক শুমার, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ছাড়াও বেশিরভাগ অঙ্গরাজ্যের গভর্নর ও সিনেটর।

এছাড়া ডেমোক্রেটিক দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম, কমলাকে সমর্থন জানালে মনোনয়ন দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থায় উঠে আসেন কমলা। কিন্তু, আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে আগামী মাসে ডেমোক্র্যাটদের ন্যাশনাল কনভেনশন পর্যন্ত। তখনই নিশ্চিত হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে কমলার লড়াই।

বাইডেন হ্যারিসের নাম ঘোষণার পর প্রথম ২৪ ঘণ্টায় নির্বাচনী তহবিলে রেকর্ড ৮ কোটি ১০ লাখ ডলার অনুদান পাওয়া গেছে বলে জানিয়েছে তার প্রচার দল। এ অর্থকে তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ পাওয়া অনুদান হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে মনোনয়ন চূড়ান্ত হলে রানিং মেট হিসেবে কাকে বেছে নেবেন কামালা এ নিয়ে চলছে আলোচনা। এ তালিকায় রয়েছেন নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার, পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো ও অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিসসহ আরও অনেকে। ১৯ থেকে ২২ আগস্ট শিকাগোতে অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত