জনমনে স্বস্তি, গণপরিবহনে চাপ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:৫২ পিএম

আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস খুলেছে আজ। বুধবার (২৪ জুলাই) নির্ভয়ে অফিস ও কাজে  যাচ্ছেন নগরবাসী। গত কয়েক দিনের বন্দিদশা থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারায় জনমনে স্বস্তি ফিরেছে। কিন্তু গণপরিবহনে দেখা গেছে যাত্রীদের চাপ। রাস্তায় তৈরি হয়েছে ব্যাপক যানজট।

অফিসগামী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনের নামে যা হচ্ছিল তা ছিল ভয়ঙ্কর। মানুষ ঘর থেকে রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল। দুষ্কৃতিকারীরা যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, তা কিছুতেই গ্রহণযোগ্য নয়। সরকার পরিস্থিতি বিবেচনায় কারফিউ জারি করার মাধ্যমে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

তারা বলছেন, সাধারণ মানুষ কোনা সন্ত্রাসী কার্যক্রম চায় না। সাধারণ মানুষ চায় স্বস্তি। মানুষ যাতে স্বাভাবিকভাবে ঘর থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারে তার নিশ্চয়তা চায়। জ্বালাও-পোড়াও, সম্পদ ধ্বংস করা সন্ত্রাসীর কাজ। যারা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয়। একপর্যায়ে সরকার গত শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করে। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। 

আজ সরকারি-বেসরকারি অফিস থেকে চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হচ্ছে। রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও আজ থেকে খুলেছে। পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট চালু হয়েছে। রাজধানীতে অফিসগামী মানুষ ও যানবাহনের চাপ দেখা গেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত