নাশকতার ছবি-ভিডিও ফুটেজ চাইল পুলিশ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:২৮ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হওয়া আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য-প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

আজ বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন। অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানানো হয় এই বার্তায়।

পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় আরও বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব চালায় দুষ্কৃতকারীরা। বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডেটা সেন্টার, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, এক্সপ্রেসওয়ের টোলপ্লাজাসহ বেশ কয়েকটি স্থানে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত