ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৩:২১ পিএম

কারফিউ শিথিল থাকা অবস্থায় ঢাকার মহাখালী ও সায়েদাবাদ থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। আজ বুধবার (২৪ জুলাই) দুপুর ১টায় মহাখালী বাস টার্মিনালে দেখা যায় অনেক কোম্পানির বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে বাস ছেড়ে গেলেও যাত্রীর সংখ্যা অনেক কম।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা বিভিন্ন কারণে ঢাকায় এসে আটকা পড়েছিলেন। কেউ চিকিৎসা নিতে ঢাকায় এসেছিলেন, কেউ আত্মীয়ের বাসায় বেড়াতে কেউবা ব্যক্তিগত কাজে। তারা সবাই কারফিউতে ঢাকায় আটকা পড়েন। বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা।

নাইমুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ঢাকায় আত্মীয় বাসায় বেড়াতে এসেছিলাম। এর মধ্যেই ঢাকার পরিস্থিতি খারাপ হয়ে গেল। কারফিউতে আটকা পড়ে যাই। এখন বাস চালু হয়েছে, তাই বাড়ি ফিরতে পারছি।

মহাখালী বাস টার্মিনালে কথা হলে এনা পরিবহনের টিকিট বিক্রেতা সাগর আলী বলেন, কয়েকদিন বন্ধ থাকার পর গাড়ি চলাচল শুরু হয়েছে। ভোর ৫টা থেকে বাস চলছে। যাত্রীরাও আসছেন, তবে কম। যারা ঢাকায় আটকা পড়েছিলেন তারা বাড়ি যাচ্ছেন। বিকেল নাগাদ যাত্রীর সংখ্যা বাড়তে পারে।

দূরপাল্লার পরিবহন হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে। বিকাল পাঁচটা পর্যন্ত বাস ছাড়া হবে। সকাল থেকে চট্টগ্রামে একটি এবং বরিশালে দুইটিসহ মোট তিনটি বাস ছেড়েছে।

কারফিউ শিথিল সময়ে দূরপাল্লার বাস চালাতে সায়েদাবাদ টার্মিনালেও বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

এদিকে কারফিউ শিথিল থাকার সময়ের মধ্যে দূরপাল্লার বাসের পাশাপাশি রাজধানীর অভ্যন্তরীণ রুটেও বিভিন্ন বাস চলতে দেখা গেছে।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে জারি করা হয় কারফিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সারা দেশের জেলা ভেদে কারফিউ বিরতি দেওয়া হয়। এরপর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত