কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে কেন?’ গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকারই স্বীকার করছে, ছাত্রদের আন্দোলন ছিল অহিংস। যদি তাই হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর নির্যাতন কেন? নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে কেন? এমন হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেছে বলে জানা নেই।’
বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘একদিকে সরকার বলছে ছাত্রদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে এখনো কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন, মামলায় আটক হয়েছেন অনেকেই। আন্দোলনরত অনেক শিক্ষার্থীই গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। এটা সরকারের দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়।’
