বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। এবার তিনি বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করতে চলেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ ও এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ২১ বছর দায়িত্ব পালনের পর ৮০ বছর বয়সী লর্ড প্যাটেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য অবস্থায় রয়েছে। মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদ ও ভূমিকাকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করা হয়ে থাকে। সাধারণত এই পদে আজীবনের জন্য নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধান প্রধান সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। এছাড়া নতুন চ্যান্সেলরের জন্য নির্বাচন প্রক্রিয়া প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, গত বছরের মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। ইমরান বর্তমানে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন, তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন ইমরান খান।
আন্তর্জাতিক মিডিয়ায় ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা ইমরান খানের কাছ থেকে অনুমতি পেলে এবং এটির জন্য স্বাক্ষর গ্রহণ অভিযান শুরু করার পরে আমরা এটি প্রকাশ্যে ঘোষণা করব।’
তবে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হওয়ার প্রার্থীদের মধ্যে ইমরান খান ছাড়াও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার এবং বরিস জনসনও রয়েছেন।
রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২