কোটা সংস্কার আন্দোলনে তারেক রহমানের নির্দেশে সহিংসতা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হামলা পরিচালনার জন্য তাদের পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে, কোথায় কে হামলা চালাবে, কোথায় কারা পেছন থেকে সহযোগিতা করবে- সব কিছু আগেভাগে নীলনকশা প্রস্তুত ছিল।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় এমন মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রের মেগা উন্নয়ন মেট্রোরেল, সেতুভবন ও বাংলাদেশ টেলিভিশনসহ সব সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। এসব দেখলে বোঝা যায় কারা এসব করেছে। যারা সরকারের উন্নয়ন দেখতে চায় না তারাই করেছে।
সেতুমন্ত্রী বলেন, অশান্তি সৃষ্টি করে বিএনপি-জামায়াত চোরাগোপ্তা পথে ক্ষমতায় আসতে চায়। তারেক জিয়াকে লন্ডন থেকে এনে ক্ষমতায় বসানোর পরিকল্পনা আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। বাংলাদেশের জনগণ দেশের শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
বিএনপিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে করে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আবারও উসকানি দিচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন।
আওয়ামী লীগ দেশবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, উন্নয়নবিরোধী, গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত জানিয়ে যেকোনো নাশকতা মোকাবিলায় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী।
কোটা আন্দোলনে জবি শিক্ষার্থীর মৃত্যু, ৫ দিন পর জানল বিশ্ববিদ্যালয় প্রশাসন
‘চোখের সামনে ভাইডা মরে গেল, কিচ্ছু করতে পারলাম না’
আইসিসিতে যুক্তরাষ্ট্র ক্রিকেট প্রধানের বিরুদ্ধে অপশাসন-দুর্নীতির অভিযোগ