লাইফ সাপোর্টে ক্যানসার আক্রান্ত জুয়েল 

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:৪১ পিএম

১১ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এরমধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জুয়েলের স্ত্রী সংগীতা আহমেদ।

তিনি জানান, অক্টোবর থেকে তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। এর মধ্যে সম্প্রতি তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যানসার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও ক্যানসার সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

ব্যান্ড সংগীত যখন তুমুল আলোচনায়, ঠিক তখনই ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে (১৯৯৪)’, ‘আমার আছে অন্ধকার’ (১৯৯৫), ‘একটা মানুষ’ (১৯৯৬), ‘দেখা হবে না’ (১৯৯৭), ‘বেশি কিছু নয়’ (১৯৯৮), ‘বেদনা শুধুই বেদনা’ (১৯৯৯), ‘ফিরতি পথে’ (২০০৩), ‘দরজা খোলা বাড়ি’ (২০০৯) এবং ‘এমন কেন হলো’ (২০১৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত