বিমানবন্দরে যাত্রীকে লাথি, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

  • ম্যানচেস্টার বিমানবন্দরে যাত্রীকে লাথি মেরে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা
  • ঘটনার তিন দিন পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বহিস্কার করেছে ব্রিটিশ পুলিশ
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৩:০৫ পিএম

বিমানবন্দরে এক যাত্রীকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরে আহত করেছেন এক পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে এ ঘটনা ঘটে। রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় পুলিশ কর্মকর্তার আক্রমণের ভিডিও।

ওই পুলিশ কর্মকর্তাকে বহিস্কার করা হয়েছে এবং তাকে ফৌজদারি তদন্তের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। খবর বিবিসি।

ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ম্যানচেস্টার বিমানবন্দরের টার্মিনাল-২-এ মাটিতে শুয়ে পড়া এক ব্যক্তির দিকে ইউনিফর্ম পরা এক পুরুষ কর্মকর্তা এগিয়ে যান। এরপর তার মাথায় দুবার লাথি মারেন।

তবে ঠিক কি কারণে ওই পুলিশ কর্মকর্তা রাগান্বিত হয়েছিলেন এবং ওই যাত্রীকে আক্রমণ করেছেন তা স্পষ্ট কারণ জানা যায়নি। এদিকে ভিডিও ছড়িয়ে পরার পর স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ঘটনার তিন দিন পর গত বৃহস্পতিবার অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেনি জিএমপি। ভুক্তভোগীর নাম ওমর মিনহাজ জানা গেছে। 

বিবিসি জানিয়েছে, ওমর মিনহাজ নামের ওই যাত্রী যুক্তরাজ্যের লিডস শহর থেকে পরিবারের সঙ্গে ম্যানচেস্টারে যাচ্ছিলেন। টার্মিনালে পুলিশ কর্মকর্তারা তার দিকে এগিয়ে এলে কোনো একটি বিষয় নিয়ে সেখানে হাতাহাতি শুরু হয়। এরপর তাকে মাথায় লাথি মেরে ও পা দিয়ে চেপে ধরেন এক পুলিশ কর্মকর্তা।

ঘটনার পরদিন (বুধবার) রাতে ইংল্যান্ডের রচডেল থানার সামনে কয়েক শ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের তথ্য নিশ্চিত করে তাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টারের মেয়র মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত