নুরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে : মারিয়া

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১১ এএম

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী মারিয়া আক্তার। তিনি বলেছেন, ‘নুরের পা ওপরে বেঁধে পেটানো হয়েছে। ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। ইনজেকশন দেওয়া হয়েছে, সেটি স্লো পয়জনিং কি না, আমার জানা নেই। অনুরোধ জানাই তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন।’ গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

মারিয়া আক্তার বলেন, ‘গত ২০ জুলাই ভোরে দরজা ভেঙে কিছু সাদা পোশাক ও কয়েকজন পুলিশ পোশাকে এসে ঘুমন্ত নুরকে তুলে নিয়ে যায়। এরপর ডিবি কার্যালয়, র‌্যাব কার্যালয় ও হাতিরঝিল থানায় খোঁজ নিলে তারা কোনো তথ্য দেয়নি। নিরুপায় হয়ে আমি কোর্টে যাই। সেদিন আর কোর্টে তোলেনি। ভেবেছিলাম আমার স্বামীকে আর খুঁজে পাব না। পরে জানতে পারলাম এক দিন পর কোর্টে তোলা হবে। গিয়ে যা দেখলাম তা কোনো মানুষ সহ্য করতে পারবে না। গ্রেপ্তারের পর থেকে তার ওপর নির্যাতন করা হয়েছে। এমন নির্যাতন করা হয়েছে যে, নুর নিজের পায়ে হেঁটে আদালতে আসতে পারেনি। পুলিশ সদস্যদের কাঁধে ভর করে আদালতে আসে। স্ত্রী হিসেবে এমন নির্যাতন কোনোভাবে সহ্য করার মতো নয়। অমানুষিক নির্যাতনের পরও তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

নুরের চিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমার অনুরোধ সন্তানের জীবন থেকে বাবার স্নেহ যেন কেড়ে নেওয়া না হয়। আমার সন্তানদের তো অধিকার আছে। এ দেশে জন্ম নেওয়াটাই আমাদের পাপ? আমি দাবি জানাই নুরকে আর যেন রিমান্ডে নেওয়া না হয়। তার চিকিৎসা ব্যবস্থা যেন করা হয়। প্রয়োজনে আমার স্বামীকে আমি রাজনীতি করতে দেব না। তবুও অনুরোধ আমার স্বামীকে ফিরিয়ে দিন। এমন নির্যাতন হলে নুর বাঁচবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত