কনসার্টে অংশ নিতে চলতি মাসের ৯ তারিখ যুক্তরাষ্ট্র সফরে যান জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ২০ জুলাই ছিল সেই কনসার্ট, কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে প্রয়াণ ঘটে বহু কালজয়ী গানের এই শিল্পীর।
এরপর থেকে শাফিনের মরদেহ দেশে আনার প্রস্তুতি শুরু হয়। মরদেহ দেশে আনতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথাও ছিল বড় ভাই হামিন আহমেদের; কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। শনিবার বিকেলে হামিন গণমাধ্যমে জানান, ২৯ জুলাই বিকেলে শাফিনের মরদেহ ঢাকায় পৌঁছাবে।
হামিন আরও জানান, শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ ২৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ৩০ জুলাই দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে শাফিনকে।
এর আগে শাফিন আহমেদের অসুস্থ হওয়ার পরই তার স্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম। বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়তে গিয়ে পশ্চিমের সংগীতের সঙ্গে সখ্য হয় শাফিনের। শুরু হয় তার ব্যান্ড সংগীতের যাত্রা।
ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে তারা গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’। প্রথম কয়েক বছর তারা বিভিন্ন পাঁচতারা হোটেলে ইংরেজি গান গাইতেন। এরমধ্যেই প্রকাশিত হয় দু’টি ইংরেজি গানের অ্যালবাম ‘মাইলস’ ও ‘এ স্টেপ ফারদার’। পরে মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে।
দীপিকাকে চুমু খেতে চায় ৯৯ শতাংশ মানুষ, সেই অভিনেতাকে বললেন বাবা
মনোজিৎ দাশগুপ্ত নাম বদলে যেভাবে শাফিন আহমেদ হলেন