প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে উপস্থিত ছিলেন ১৫ হাজার দর্শক। ফ্রান্সে এর আগে কখনোই এত মানুষ সাঁতার দেখেননি গ্যালারিতে বসে। এত দর্শক এসেছেন ঘরের ছেলে লিওঁ মারশাঁকে হাততালি দিতে।
হতাশ করেননি মারশাঁ। নতুন অলিম্পিক রেকর্ড গড়েই ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন ফরাসি তারকা।
ফ্রান্সে তাকে ডাকা হয় ‘ফরাসি মাইকেল ফেলপ্স’ নামে। ফেলপ্স স্বয়ং এ দিন উপস্থিত ছিলেন সেখানে। এবারের অলিম্পিকসে এনবিসি টিভির হয়ে কাজ করছেন অলিম্পিকসে ২৩টি সোনাজয়ী এই কিংবদন্তি। সর্বকালের সফলতম অলিম্পিয়ানকে স্বাক্ষী রেখেই অলিম্পিকসে প্রথম সোনার দেখা পেলেন মারশোঁ।
অন্যদিকে আট বছর পর নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন পেল পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক। প্যারিসে ফাইনালে ফেবারিট ও টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে সোনা জিতেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি।
রিও ও টোকিওতে সোনাজয়ী পিটি পেয়েছেন রুপা। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।
১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের মালিক ব্রিটিশ তারকা পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। সমান সময় নিয়েছেন ফিঙ্কও। মার্তিনেঙ্গি সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড।
সাঁতারে আজ আর কোনো পদকের ইভেন্ট নেই। তিনটি ইভেন্টের সোনা পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালির প্রতিযোগিরা।
