অলিম্পিকে ডানা মেললেন সিমোন বাইলস

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০১:২৮ পিএম

প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনেই মাতিয়ে দিলেন সিমোন বাইলস। জিমন্যাস্টিক্সের দলীয় ইভেন্টের হিটে ব্যক্তিগত স্কোরে সবার ওপরে থেকেই শেষ করেছেন এই মার্কিন জিমন্যাস্ট। তার স্কোর ৫৯.৫৬৬। কিন্তু গত আসরে চিত্রটা এরকম ছিল না। টোকিও অলিম্পিকে মেয়েদের দলীয় ফাইনালের মাঝপথে শারিরীক সমস্যার কারণে সরে দাঁড়ান বাইলস। ব্যক্তিগত কয়েকটি ইভেন্টেও নামেননি তিনি। কিন্তু এবার বাইলসকে দেখেই মনে হয়েছে চনমনে।

প্যারিসের বার্সি এরিনায় ২৭ বছরের বাইলস ঢোকার পরই করতালিতে ফেটে পড়ে চারপাশ। শুরুতে ব্যালান্স বিমে তিনি ১৪.৭৩৩ স্কোর করেন। এরপর ফ্লোর ইভেন্টের মাঝে চোট পেয়ে তার পা ফুলে যায়। সেই অবস্থাতেই ফ্লোর ইভেন্টে তিনি ১৪.৬৬৬ স্কোর করেন। তৃতীয় ইভেন্ট ছিল ভল্ট। নিজের মার্কে যাওয়ার সময় বাইলস খোঁড়াচ্ছিলেন। ল্যান্ডিংয়ে সমস্যা হলেও তিনি এই ইভেন্টে ১৫.৮০০ স্কোর করেন।

আমেরিকার জিমন্যাস্টের শেষ ইভেন্ট ছিল আনইভেন বার। সেখানে তিনি ১৪.৪৩৩ স্কোর করেন। চারটি ইভেন্ট শেষ হওয়ার পরে চওড়া হাসি দেখা যায় বাইলসের মুখে। গ্যালারিতে বসে থাকা বাবা ও মায়ের দিকে হাত নাড়েন। পরে তার চোট নিয়ে কোচ ক্যাসিলে ল্যান্ডি বলেন, ‘প্যারিসে আসার আগে অনুশীলনে চোট পেয়েছিল বাইলস। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। হিটের শুরুতে একটু সমস্যা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে ছন্দ ফিরে পেয়েছে।’

তবে ছাত্রীর পারফর্মেন্সে সন্তুষ্ট হতে পারেননি ল্যান্ডি, ‘বাইলস ভালো করেছে। ৫৯.৫ ভালো স্কোর। কিন্তু খুব ভালো নয়। এর চেয়ে ভালো করার ক্ষমতা বাইলসের আছে।’ এসময় কোচের কথা শুনে মুচকি হাসেন বাইলস। এখনও যে তার সেরাটা দেখানো বাকি। ২০১৬ রিও অলিম্পিকে চারটি সোনা জিতেছিলেন। সেই কীর্তি আরও একবার তিনি গড়তে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে হিটে দারুণ পারফর্ম করে ইঙ্গিতটা দিয়ে রাখলেন বাইলস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত