ইসরায়েলের গোলান মালভূমিতে ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ শিশু-কিশোর নিহতের ঘটনার পর থেকেই নতুন করে চরম উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল ও লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে।
যদিও গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ, তা সত্ত্বেও কঠোর প্রতিশোধের হুশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এক কথায় বলা চলে সর্বাধিক যুদ্ধের দ্বারপ্রান্তে দারিয়ে আছে, ইসরায়েল ও হিজবুল্লাহ। যেকোনো মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে পারে এই দুপক্ষ।
এমন অবস্থায় লেবাননের বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে বিভিন্ন দেশের।
সোমবার (২৯ জুলাই) জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসা জানিয়েছে, তাদের অধীনস্থ সুইস ইন্টারন্যাশনাল, ইউরোইংস এবং লুফথানসার জন্য বৈরুত যাওয়া-আসার পাঁচটি রুটে ফ্লাইট চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাড়তি সতর্কতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
এছাড়া বৈরুত বিমানবন্দরের ফ্লাইট তথ্য বোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানাচ্ছে, রোববার রাতে দুটি ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস।
এছাড়া তুরস্ক-ভিত্তিক সাশ্রয়ী এয়ারলাইন সানএক্সপ্রেস, টার্কিশ এয়ারলাইনসের সহযোগী সংস্থা এজেট, গ্রিক সংস্থা এজিয়ান এয়ারলাইনস, ইথিওপিয়ান এয়ার এবং লেবাননের মিডল ইস্ট এয়ারলাইনস সোমবার বৈরুত বিমানবন্দরে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করেছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এয়ারলাইনগুলো।
বৈরুত-রফিক হারিরি আন্তর্জাতিক বিনমানবন্দর লেবাননের একমাত্র বিমানবন্দর। দেশটির গৃহযুদ্ধ চলাকালে এবং ইসরায়েলের সঙ্গে পূর্ববর্তী লড়াইগুলোর সময় বারবার হামলার নিশানা হয়েছিল বিমানবন্দরটি।
