ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ ও দেয়াললিখন কর্মসূচি পালন করছেন নগরীর বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ঢাকায় ডিবি অফিসে শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়কদের মানসিক ও শারীরিক নির্যাতন করে অস্ত্রের মুখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করানো হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও পুলিশ কর্মসূচিতে নানাভাবে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশে কিছু সময় অবস্থান নিয়েছিল। পরে তারা নিজেরাই চলে গেছেন।
