হামলা-মামলা ও পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ ৮ দফা দাবিতে লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ করে মাদাম এলাকায় বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।
এ সময় পুলিশের কঠোর অবস্থান ও বাধার মুখে এক পর্যায়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মাদামব্রিজ এলাকায় মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, হামলা-মামলা ও পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তিসহ ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত আন্দোলন চলবে। দ্রুত সময়ে এসব দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্ররা।
লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
