সামষ্টিক অর্থনীতি এবং ক্রমবর্ধমান রেগুলেটরি চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বজায় রেখেছে রবি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রবির কর পরবর্তী মুনাফা ১০৭ দশমিক ৫ কোটি টাকা দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৪১ শতাংশ বেশি। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করে গতকাল সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি এ তথ্য জানায়।
দ্বিতীয় প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ, যার মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ এবং ফোরজি গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ। রবির মোট সক্রিয় গ্রাহকের ৭৬ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৬৩ শতাংশ ব্যবহারকারী ফোরজি সেবা নিয়ে থাকে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রবির আয় ২ হাজার ৬০৪ কোটি টাকা, যা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে আয় বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ডেটা খাতে আয় বৃদ্ধি পেয়েছে যথাক্রমে শূন্য দশমিক ৬ শতাংশ এবং ১২ দশমিক ৭ শতাংশ, আর একই সময়ের ব্যবধানে প্রতি মাসে গ্রাহক প্রতি গড় ডেটা ব্যবহার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ইবিআইটিডিএ ছিল (৪৭ শতাংশ মার্জিনসহ) ১ হাজার ২২৩ কোটি টাকা। সাইক্লোন রেমাল এবং সিলেট অঞ্চলে বন্যার মতো প্রতিকূল আবহাওয়ায় নেটওয়ার্ক অপারেশনে খরচ বৃদ্ধি এবং বর্ধিত সিম ট্যাক্সের কারণে ইবিআইটিডিএ -এর ওপর বিরূপ প্রভাব পড়েছে।
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রবির আয়ের পরিমাণ ৫ হাজার ১২০ কোটি টাকা। ২০২৩ সালের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে রবির আয় বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে রবির কর পরবর্তী মুনাফা ২১৪ কোটি টাকায় পৌঁছেছে। একইসঙ্গে ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে শূন্য দশমিক ২১ টাকায় পৌঁছেছে।
চলতি বছরের প্রথম ছয় মাস শেষে রবির মূলধনী বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৩ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে রবি রাষ্ট্রীয় কোষাগারে মোট জমা দিয়েছে ৩ হাজার ২৯৪ দশমিক ৯ কোটি টাকা, যা এই সময়ে রবির মোট রাজস্বের ৬৪ দশমিক ৪ শতাংশ।
