রায়হানের ডান চোখ দিয়ে গুলি ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যায়

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:১১ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পরিবারের একমাত্র কর্মক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের আব্দুর রশিদ। ৪ মাস বয়সী কন্যা সন্তানকে কোলে নিয়ে কেঁদে কেঁদে স্বামী রায়হানুল ইসলাম রায়হানকে গুলি করে হত্যাকারীদের বিচার চাচ্ছেন স্ত্রী রিতু আক্তার। এমন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন প্রতিবেশী ও স্বজনরাও।

নিহত রায়হানুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, মাত্র ৪ মাস বয়সী কন্যা সন্তান কোলে নিয়ে চোখের পানি ঝরাচ্ছেন গুলিতে নিহত রায়হানুলের স্ত্রী রিতু আক্তার। পাশে শোকে পাথর হয়ে বসে আছেন মা। কবরের পাশে দাড়িয়ে হত্যাকাণ্ডের শিকার নিরপরাধ ছেলে জন্য দোয়া করছেন বাবা।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর শহরের মুন্সিপাড়ার আব্দুর রশিদের একমাত্র সন্তান রায়হানুল ইসলাম। ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রশিদ সন্তান হারিয়ে বাকরুদ্ধ। ৪ মাসের শিশু সন্তান রাওযান মনিকে নিয়ে অসহায় নিহত রায়হানুলের স্ত্রী রিতু আক্তার। শেষবার জুলাই মাসের প্রথম সপ্তাহে বাড়িতে এসে স্ত্রী-সন্তানকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে যান রায়হান। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি।

রায়হানুল ইসলাম রায়হান

গত ১৯ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় জুম্মার নামাজ শেষে রাস্তায় বের হয়ে কোটা বিরোধী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়েন রায়হান। সে সময় একটি গুলি তার ডান চোখের কাছে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই দিন রাত ১০টায় রওনা দিয়ে পরদিন ২০ জুলাই সকালে গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে লাশ পৌছায়। সকাল সাড়ে ১১টায় এমএস স্কুল এ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে উলিপুর কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। 

নিহত রায়হানুল ইসলাম রায়হানের চাচা আপন আলমগীর বলেন, আমার ভাতিজা উলিপুরে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকা কলেজ থেকে উচ্চ শিক্ষা শেষ করেন। পরে ঢাকাতেই চাকুরী জীবন শুরু করেন। গত ৫ বছর আগে বিয়ে করেছেন এবং তার ৪ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার জুম্মার নামাজ আদায় করে বাসায় ফেরার পথে গুলিতে নিহত হয় সে।

তিনি আরও বলেন, সে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করত। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। আমাদের এলাকার সবার নয়নের মণি ছিল সে। রায়হানুল যার গুলিতে নিহত হোক না কেন সরকারের কাছে দাবি জানাচ্ছি তদন্ত সাপেক্ষে হত্যাকারীর বিচারটা যেন হয়। 

নিহত রায়হানুলের বাবা আব্দুর রশিদ বলেন, আমি বাকরুদ্ধ। আমার পরিবারে সে একমাত্র উপার্জনকারী ছিল। তার একটি চার মাস বয়সী কন্যা সন্তান আছে। একদিক দিয়ে তার স্ত্রী হলো স্বামী-হারা, সন্তান হলো বাবা-হারা আর আমি হলাম পুত্র-হারা। সরকারের কাছে দাবি জানাচ্ছি বিষয়টি তদন্ত সাপেক্ষে হত্যাকারীর কঠোর বিচার দাবি করছি। 

রায়হানুল ইসলাম রায়হানের স্ত্রী রিতু আক্তার বলেন, গত শুক্রবার জুম্মার নামাজ পরে খাওয়া দাওয়া করে বাসা আসতে যানজটে পরে গুলিতে সে মারা যায়। তার ঘাড়ে জায়নামাজও ছিল। নির্মমভাবে আমার নিরপরাধ স্বামীর হত্যাকারীদের কঠোর শাস্তি চাই আমি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত