আন্দোলনের হুঁশিয়ারি নাগরিক সমাজের 

৬ সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৩:০৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এ ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

২৪ ঘণ্টার মধ্যে ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া না হলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান। 

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি না দিলে তারা মানববন্ধনের মতো কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে মোট ১১ দফা দাবি পেশ করা হয়। দাবির কথা তুলে তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা যে পদেই থাকুক না কেন এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগের কর্মী যারা গুলি করেছে তাদের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ তদন্ত ও সঠিক বিচার হতে হবে।  প্রতিটি হত্যাকাণ্ড এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার এবং বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞের অধীনে স্বাধীন, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান তাঁরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত