খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় নিহত শিক্ষার্থীদের স্মরণে সড়কে আল্পনা অংকন করা হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টা খুলনার শিববাড়ী মোড়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। সমাবেশ চলাকালে দুপুর দেড়টার পর কিছু শিক্ষার্থী সড়কে নামাজ আদায় করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা ও শিক্ষার্থীরা জানান, নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল। সেকারণে শিববাড়ী মোড়ে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন হয়। মঙ্গলবার সকাল থেকেই পিটিআই মোড় ও শিববাড়ীর আশপাশে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে বেলা ১২টার দিকে বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশের কড়া বেষ্টনী ভেদ করে স্লোগান দিতে থাকেন।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নগরীর খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে বিপুলসংখ্যক পুলিশ নগরীর শিববাড়ী মোড় ঘিরে রাখলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত