ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাসুদ পেজেশকিয়ান

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১০:২৭ পিএম

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ড. মাসুদ পেজেশকিয়ান। আজ (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের প্রধান হলে তার শপথ অনুষ্ঠান হয়। এতে প্রায় ৮৮টি দেশের প্রতিনিধি দল অংশ নেয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেয়ি। শপথ অনুষ্ঠানে যোগ দেয়া বিদেশি প্রতিনিধি দলগুলোতে রয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী, উপমন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, রাষ্ট্রদূত এবং ৬০০ দেশী-বিদেশী সাংবাদিক। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে তাজিকিস্তানের প্রেসিডেন্ট, উজবেকিস্তানের সংসদ স্পিকার, মিশরের পররাষ্ট্রমন্ত্রী, কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের উপপ্রধান এনরিক মোরা, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দক্ষিণ আফ্রিকার উপ পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এবং সাংহাই সহযোগিতা পরিষদের মহাসচিব এই অনুষ্ঠানে অংশ নেন।

এর দুদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিকভাবে মাসুদ পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেন।

এর আগে ৫ জুলাইর ভোটে এক কোটি ৬০ লাখেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন। তিনি ২০০৮ সাল থেকে পার্লামেন্টে উত্তর-পশ্চিমের শহর তাবরিজের প্রতিনিধিত্ব করে এসেছেন। ইরানের সর্বশেষ সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির সরকারে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন পেজেশকিয়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত