চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন পিবিআই প্রধান বনজ কুমার

অবসরে এটিইউ প্রধান

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার অবসরে গেলেও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন। দুয়েক দিনের দিনের মধ্যে জারি হওয়া অবসরে যাওয়ার প্রজ্ঞাপন বাতিল করে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে বলে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন।

এদিকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি রুহুল আমিন গতকাল তার চাকরির শেষ কর্মদিবস পার করেছেন। আজ বুধবার পুলিশ সদর দপ্তরে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বনজ কুমার মজুমদারের অবসরে যাওয়ার তথ্য জানানো হয়, যা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বনজ কুমার মজুমদার গত আট বছর পিবিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘চলতি মাসের ২০ তারিখে বনজ কুমার মজুমদারের সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। এজন্য প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত