রংপুরে জিএম কাদের

বাংলাদেশ সরকার স্বৈরাচারী সরকার এর সঙ্গে আমি একমত

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৩:০০ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি বলেছেন, বাংলাদেশ সরকার স্বৈরাচারী সরকার। এটার সঙ্গে আমি একমত। যে সব মানুষ মারা গেছে তাদের কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে পারেনি। এই মুহূর্তে দেশের পরিস্থিতি অস্থিতিশীল। এই সময়ে যদি মাঠে জামায়াত-শিবিরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না। গতকাল বুধবার বিকেলে তিন দিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, কোটা আন্দোলনে সরকার ও সরকারি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। রাষ্ট্র আমাদের সবার। রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রের সম্পদ। যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা। সেখানে রাষ্ট্রযন্ত্র নাগরিকদের নিরাপত্তা না দিয়ে সরকারকে বাঁচাতে নির্বিচারে গুলিবর্ষণ করল। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বহুতল ভবন থেকে গুলি করা হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ মারা গেছে। শিশু মারা গেছে। যারা মারা গেছে, সরকার এখন পর্যন্ত তাদের সন্ত্রাসী প্রমাণ করতে পারেনি। এখানে আমার প্রশ্ন, এই নির্বিচারে গণহত্যা চালাল কেন? সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে চায়, তাহলে আগে থেকে চিহ্নিত করে দমন করতে পারত। হেলিকপ্টারে থেকে গুলিবর্ষণে কে নিরীহ মানুষ, কে সন্ত্রাসী, কীভাবে চিহ্নিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত