৬ পয়েন্ট কেটেও থামানো গেল না কানাডার অলিম্পিক যাত্রা

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:৪৯ পিএম

ড্রোন চালিয়ে প্রতিপক্ষের ওপর গুপ্তচরবৃত্তির দায়ে কানাডার ৬ পয়েন্ট কাটা হয়েছিল। কিন্তু তাতে দলটির অলিম্পিক যাত্রা থামানো যায়নি। কাল রাতে গ্রুপ পর্বে শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নারীদের ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা।

জেসি ফ্লেমিংয়ের ফ্রি কিক থেকে কানাডাকে ৬১ মিনিটে গোল এনে দেন কানাডার ডিফেন্ডার ভ্যানেসা জিলেস। এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতলেও কানাডার পয়েন্ট দাঁড়ায় ৩।

গ্রুপ পর্বে আগের দুটি ম্যাচে নিউজিল্যান্ড ও ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জিতেছে কানাডা। সাধারণ হিসাবে মোট পয়েন্টসংখ্যা ৯ হওয়ার কথা থাকলেও ফিফা ৬ পয়েন্ট কেটে নেওয়ায় সেটি দাঁড়ায় ৩। এই পয়েন্টই কানাডার মেয়েদের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হিসেবে প্রমাণিত হলো।

‘এ’ গ্রুপ থেকে ফ্রান্স ৩ ম্যাচে ২ জয়ে মোট ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে উঠেছে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় ম্যাচে কানাডা ও তৃতীয় কলম্বিয়ার সমান ৩ পয়েন্ট। ১ জয় ও ২টি ম্যাচে হেরেছে কলম্বিয়া। কলম্বিয়ার (০) সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের রানার আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা (‍+৩)। সেমিফাইনালে ওঠার ম্যাচে শনিবার মার্শেইয়ে জার্মানির মুখোমুখি হবে তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত