লুসাইলের সেই রাতটা আজও মনের মণিকোঠায় জমা হয়ে আছে। এমন রোমাঞ্চকর রাত হবে সেটা বোধহয় খোদ লিওনেল মেসিরাও ভাবতে পারেননি। বলা হয় ফুটবল ইতিহাসের সেরা ফাইনাল দেখেছিল কাতার বিশ্বকাপ। যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। ফরাসিরা ছিল আগের আসরের চ্যাম্পিয়ন। রাশিয়ার পর এশিয়াতেও আরেকবার বিশ্বশিরোপার মুকুট পরার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু সেটা আর হয়নি আর্জেন্টিনার মেসি ম্যাজিকে।
সেই আর্জেন্টিনা-ফ্রান্স কুড়ি মাসের মধ্য ফের মুখোমুখি হচ্ছে আরও একটি বিশ্ব আসরে। তবে সেটা ফাইনালের আগেই। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। মরক্কোর কাছে হেরে অলিম্পিক যাত্রা শুরু হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে পরের দুটি ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু মরক্কোর সঙ্গে গোল গড়ে পিছিয়ে পড়ায় গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে কোয়ার্টারে যাওয়ায় প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তারা এ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সকে।
এই দুই দলের লড়াই মানেই এখন চোখের সামনে ভেসে ওঠে লুসাইলের সেই শিরোপা নির্ধারণী রাতটি। তবে এবার পদক নির্ধারণী ম্যাচের আগেই দেখা হচ্ছে উভয় দলের। যে লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের সামনে সুযোগ শিরোপার আরও কাছে যাওয়ার, আর ফ্রান্সের প্রতিশোধ!
বিশ্বকাপের শিরোপা হারের বদলার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যে ধরনের বিদ্রুপ করেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, সেটারও হিসাব চোকানোর সুযোগ এই ম্যাচ। শুধু বিশ্বকাপ নয়, সদ্য কোপা আমেরিকার শিরোপা জয়ের পরও ফ্রান্সকে অপমান করার মতো গান গাইতে শোনা গেছে খেলোয়াড়, সমর্থক ও দেশটির ভাইস প্রেসিডেন্টকে। তাই তো অলিম্পিকের লড়াইয়ে নামার আগে ফরাসি অলিম্পিক দলের অধিনায়ক জ্য-ফিলিপে মাতেতা এক রকম হুমকি দিয়েই রাখলেন আর্জেন্টাইনদের।
গানে ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও বর্তমান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হয় এবং আরও কয়েকজন ফরাসি খেলোয়াড়কে ‘অন্য দেশ থেকে আগত’ সম্বোধন করা হয়। আর্জেন্টিনার গোলকিপার এমি মার্তিনেজ এমবাপ্পের জন্মদিনে তাকে নিয়ে বিদ্রুপ করেন। সে সময়ও ঘটনার নিন্দা জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছিল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীও মার্তিনেজের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
যদিও বিতর্কিত সেই গানের পর ফ্রান্স সরকারের কাছে ইতিমধ্যে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনার সরকার। কিন্তু ক্ষোভের আগুন তো আর এত সহজে নেভানো যায় না! এবার তাদের ঘরের মাঠে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে সুদে-আসলে সব বুঝিয়ে দেওয়ার পালা।
বোর্দোয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ের আগে ফ্রান্স গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। সেই লড়াইয়ের আগে ফরাসি অধিনায়ক মাতেতা বললেন, ‘সম্প্রতি যা ঘটেছে, ফ্রান্সের সবাই তাতে আক্রান্ত হয়েছি। তাই এবার আমরা দেখব কোয়ার্টার ফাইনালে কী হয়। আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওরা এমন একটা দল, যারা সব টুর্নামেন্টের ফাইনালে ওঠে। তবে আগে আমরা (নিউজিল্যান্ডের বিপক্ষে) জয় উদযাপন করব। এরপর ওদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবব।’
ফরাসিরা ভাবনা পরে শুরু করলেও আর্জেন্টিনার ভাবনা এখনই শুরু করে দিতে হবে। কারণ তাদের পরের ম্যাচটাই এই কোয়ার্টার ফাইনাল। তার আগে কোচ হাভিয়ের মাসচেরানো মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টাইন গণমাধ্যমের। যেখানে উঠে এসেছিল কাতারে এমি মার্তিনেজের বিতর্কিত উদযাপন, কোপা জয়ের পর এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগসহ আরও অনেক বিষয়। পাশাপাশি গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হারের বিষয়টিও।
সারা বিশ্বের চোখ এই দুদলের খেলার দিকে থাকলেও সেমিফাইনালে ওঠার লড়াইটা শুরু হবে মরক্কো ও যুক্তরাষ্ট্রের লড়াই দিয়ে। শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। রাত ৯টায় জাপানের প্রতিপক্ষ স্পেন। আর রাত ১১টায় মিসরের মুখোমুখি হবে প্যারাগুয়ে। এই তিন ম্যাচের পরই মাঠে গড়াবে রোমাঞ্চকর লড়াইটি।
শুটিংয়ে আরেকটি পদক ভারতের, সোনা চীনের
এটাই কি শেষ? জানেন না নাদাল
সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ; অলিম্পিক শেষ নাদালের
সৌদির ৫ শহরের ১৫ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল
আট বছর পর অলিম্পিক সোনা জিতলেন সারা
ফের রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ