বেরোবি শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে প্রক্টরকে জানানোর আহ্বান

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানানো হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দপ্তর প্রধান মোহাম্মদ আলী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নানা ধরণের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে; যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। 

এ প্রক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়; তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছেন।

আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে তা প্রক্টর/সহকারী প্রক্টরকে অবহিত করার জন্য বলা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিকমাধ্যম ফেসবুক পেজ ও গ্রুপে বিজ্ঞপ্তি প্রচার করা হলে বিভিন্ন  বিভাগের শিক্ষার্থী অভিযোগ করে লেখেন, ‘কি লাভ, প্রক্টর তো ফোন-ই রিসিভ করে না।’

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন কোনো শিক্ষার্থী হয়রানির শিকার না হয়, কেউ মিথ্যা মামলায় হয়রানি হলে যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সহযোগিতা করব। কারো নামে মিথ্যা মামলা বা আটক হলে ফোন দিলে সহযোগিতা করব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত