শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে শেকৃবি শিক্ষকদের প্রতিবাদ

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৭:৩১ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের গণহারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় কৃষি অনুষদের সামনে প্রতিবাদলিপি পাঠ শেষে মৌন মিছিল করেন তারা। এরপর শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের সাক্ষাৎ করে শেকৃবি শিক্ষার্থীদের নামে যে মামলা করা হয়েছে তাতে কেউ যেন হয়রানির শিকার না হয় এ ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান।

জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর থানায় পুলিশের ওপর হামলার অভিযোগে গত ২১ জুলাই শেকৃবির ২০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের উপর শিক্ষার্থীদের ইটপাটকেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন এবং এর পাশাপাশি অনেক সদস্য আহত হন। 

তবে এ ঘটনাকে বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার ও প্রয়োজনে ছাত্র-ছাত্রীদের আর্থিক ও মানসিক সহযোগিতার জন্য একটি বিশেষ সেল গঠনের কথা বলেন।

প্রতিবাদলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দেয়ার উপযুক্ত রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানান। সেই সাথে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সাথে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত