স্বল্পপরিসরে ট্রেন চলাচল শুরু, বন্ধ আন্তঃনগর

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:০৯ এএম

কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশব্যাপী সহিংসতার কারণে বন্ধ থাকার ১৩ দিন পর গতকাল বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহ থেকে এসব ট্রেন চলতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

দীর্ঘদিন বন্ধের পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে বেশিরভাগ ট্রেনই ছিল তুলনামূলক ফাঁকা। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছেন অনেক যাত্রী।

রেলওয়ে সূত্র জানায়, কারফিউ শিথিল থাকার সময় সীমিত পরিসরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ঢাকায় রেলভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল-সংক্রান্ত এক বৈঠকে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে ১৮ জুলাই দুপুরে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে সেদিন দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। এভাবে রেল যোগাযোগ বন্ধের ঘটনা দেশে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছেন কর্মকর্তারা।

রেলওয়ের কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেসও রয়েছে। আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয় ১০ দিন আগে থেকে। গড়ে প্রতিদিন আড়াই লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করে।

এর আগে টানা সাত দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে তা আবারও বাতিল করা হয়। এ দিন ট্রেন চলাচলের খবরে স্টেশনে আসা যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত