বৃষ্টি উপেক্ষা করে বেরোবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ, পদযাত্রা

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৪:৩৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার (০২ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে ২ নম্বর গেটে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান।

বৃষ্টি উপেক্ষা করে পুলিশি নজরদারিতে শিক্ষক-শিক্ষার্থীরা আবু সাঈদসহ অন্যান্য শিক্ষার্থী ও সাধারণ জনতা হত্যার সুষ্ঠু বিচার ও আটককৃতদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করেন। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গেট হতে মডার্ন মোড় প্রদক্ষিণ করে আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, এই অবস্থা সৃষ্টি হতো না যদি দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যায় তাদের পৃষ্ঠপোষকতা না করা হতো। যারা প্রশ্নফাঁস করে তাদের পৃষ্ঠপোষকতা না করা হতো। আর আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই সত্যকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরে আসবে। সারা দেশে যে চেতনা জেগে উঠেছে সেটা মুক্তিযুদ্ধের চেতনাই।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, এ দেশ কথা বলবার দেশ, মুক্তচর্চা করবার দেশ। এখানে ছাত্রদের গ্রেপ্তার করে দমিয়ে রাখা যাবে না। এখন আমরা যে পরিবেশে বসবাস করছি, আগামী প্রজন্ম এই পরিবেশ, এই বাংলাদেশ চায় না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই প্রজন্মকে দাঁড় করিয়ে ভুল করা হয়েছে। এই প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মতিউর রহমান বলেন, আবু সাঈদ আমাদের প্রিয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের সামনে সে পুলিশের গুলিতে যেভাবে নিহত হয়েছে তা সারাবিশ্বের আইকনে পরিণত হয়েছে। সেই দৃশ্য অনেক গণমাধ্যমই প্রচার করেছে। তবু তার হত্যা মামলার এফআইআরে পুলিশের বিষয় উল্লেখ করা হলো না। আমার প্রশ্ন হলো, এ ঘটনায় বিচারের দাবিতে কেন আমাদের দাঁড়াতে হবে? আমরা চাই সারা দেশের যে দুই শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তার বিচার চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত