শিগগিরই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই জুটির একটি ছবি। যেখানে দাবি করা হচ্ছে, দীপিকা ও রণবীর একটি নবজাতককে স্বাগত জানিয়েছেন।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যম আজতাক জানিয়েছে, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, দীপিকা একটি নবজাতক ছেলেকে স্বাগত জানিয়েছে। ছবিতে দীপিকাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। সেখানে রণবীর এক নবজাতককে কোলে নিয়ে ক্যামেরায় চেহারা দেখাচ্ছেন।
তবে জানা গেছে ছবিটি ভুয়া, আগামী সেপ্টেম্বরে সন্তান জন্মের দিন ঠিক করেছেন অভিনেত্রীর চিকিৎসক।
এর আগে বলিউড এ অভিনেত্রীকে প্রকাশ্যে বেশ কয়েকবার তার বেবি বাম্পের ছবি প্রকাশ করতে দেখা গেছে। এমনকি কল্কি ২৮৯৮ সিনেমার প্রচারণার সময় এই অভিনেত্রীকে কালো পোশাকে দেখে দর্শকরা মুগ্ধ স্তব্ধ হয়েছিলেন। ইতিমধ্যে দীপিকা পাড়ুকোনের কল্কি ২৮৯৮ সিনেমা বক্স অফিসের রেকর্ড ভেঙেছে। প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসান অভিনীত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটি রুপি আয় করেছে।
এ ছাড়া দীপিকা পাড়ুকোনকে গর্ভাবস্থায় তার আসন্ন সিনেমা সিংহাম অ্যাগেইন-এর শুটিং করতেও দেখা গেছে। রোহিত শেঠির সেই সিনেমার সেট থেকে পুলিশ ইউনিফর্ম ও সানগ্লাস পরা অবস্থায় দীপিকার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। তখন অনেকেই তার বেবি বাম্পের ছবি ‘ভুয়া’ বলে সমালোচনা করেছিলেন।
সিনেমাটিতে দীপিকাকে দেখা যাবে শক্তি শেঠির চরিত্রে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, টাইগার শ্রফ, রণবীর সিং এবং অর্জুন কাপুরও এবং সিনেমাটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
