দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোটের নেতারা। আলোচনার জন্য আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
শনিবার (৩ আগস্ট) আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘সরকারের সাথে কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।’ এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও।
এদিকে ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, ‘এখন আর আলোচনার সুযোগ নেই। সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে।’
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলের পক্ষ থেকে তিনজনকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও মাহবুব উল আলম হানিফ।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকেও আলোচনায় থাকার অনুরোধ জানানো হয়েছে।
জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, সমন্বয়কদের সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি। যোগাযোগ করা হবে।
এদিকে ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে গতকাল শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও পরদিন রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।
