শহীদ মিনারে ছাত্রদের সঙ্গে শিল্পীরা, দাবির সঙ্গে একাত্মতা 

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:১০ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন সারাদেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ আন্দোলনে আহত-নিহতের প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে মাঠে নেমেছেন সংগীতশিল্পীরা।

আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে সব শিল্পীরা একত্রিত হয়ে শহীদ মিনারে যান। ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ শীর্ষক এই আয়োজনে এসময় উপস্থিত ছিলেন ব্যান্ড শিল্পী থেকে শুরু করে অন্যান্য অনেক শিল্পীরাই।

ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগানে স্লোগানে র‍্যালি করে শহীদ মিনারে জড়ো হয়ে চলমান আন্দোলনে ছাত্রদের পক্ষে সংহতি প্রকাশ করেছেন শিল্পীরা। এসময় রাজপথে দেখা গেছে প্রিন্স মাহমুদ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, আসিফ আকবর, মনির খান, মাকসুদসহ আরও অনেককে। 

দেশ রূপান্তরকে কর্মসূচিটির অন্যতম আয়োজক এবং সোনার বাংলা সার্কাসের ভোকাল প্রবর রিপন বলেন, ‘ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে চলচ্চিত্র শিল্পীরা, অভিনয়শিল্পীরা। এখন আমরা সংগীত শিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে এক হয়েছি।’

এসময় হামিন আহমেদ বলেন, ‘একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই, আর একটা গুলিও যেন ছাত্রদের ওপর না চলে। আর একটা জীবনও যেন না যায়। যাদের ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি দেয়া হয়। যে জীবনগুলো গেছে এর সুষ্ঠু বিচার হতে হবে। কোনো দলের কমিটি দিয়ে নয়।’

‘গেট আপ, স্ট্যান্ড আপ’ নামক এই অনুষ্ঠানে যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করার জন্য জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত