নারায়ণগঞ্জে বিজিবি-ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকে বিক্ষোভ 

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৮:১৭ পিএম

বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর চাষাড়া চত্বরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। 

পরে নগরীর দুই নম্বর রেলগেট ও ডিআইটিসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কয়েক হাজার আন্দোলনকারী নানান স্লোগান দিতে দিতে চাষাঢ়া চত্বরে জড়ো হয়। একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন পয়েন্টে বাঁশ ফেলে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করে তারা।

সড়ক অবরোধ করে মিছিল করছেন আন্দোলনকারীরা। ছবি: দেশ রূপান্তর

এতে শহরমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে নারায়ণগঞ্জ শহর। এ সময় চাষাঢ়ায় বিজিবির টহলরত একটি গাড়ি ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের গাড়ি আটকে দিয়ে মারমুখী হয়ে উঠে আন্দোলনকারীরা। পরে তাদের বুঝিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সেখান থেকে রক্ষা পান ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরা।

তবে এখন পর্যন্ত কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত নগরীর কোথাও পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করলেও কোনো তৎপরতা দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত