ছাত্রছাত্রীদের আন্দোলনের ওপর ‘অশুভ শক্তি’ ভর করেছে বলে মন্তব্য করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। তারা বলেছেন, আমরা কখনোই কোনো ধ্বংসাত্মাক কর্মকান্ড করতে দেব না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সবকিছু শান্তির মাধ্যমে সমাধান করা যাবে। সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
গতকাল শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক শান্তি সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) শাখা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের সামনে আয়োজিত সমাবেশ থেকেও অনুরূপ আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বক্তব্য দেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ. বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহামুদ হাসান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এবং ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেন।
বিএসএমএমইউতে স্বাচিপের সমাবেশে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার টিটোসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
