নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ আন্দোলনকারীদের

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফা দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) দুপুর ১২ টায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে মহাসড়ক দখলে নিয়ে বিক্ষোভ পালন করে কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে গাছের গুড়ি ও কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা দলে দলে মিছিল নিয়ে জেলখানার মোড়ে জড়ো হচ্ছে। এসময় নারী শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের ও আন্দোলনে যোগ দিয়েছে। প্রত্যেকের হাতেই লাঠি ও স্টিলের পাইপ রয়েছে। তারা রাস্তার ব্যারিকেড ভেঙে মহাসড়কে ফেলে রাখে ও গাছের গুড়ি ও কাঠে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পুরো মহাসড়ক আন্দোলনকারীদের দখলে রয়েছে।

এসময় আন্দোলকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে এক দফা দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীদের স্লোগানে পুরো মুখর হয়ে ওঠে জেলখানা মোড়ের চারপাশ। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। পরে দুপুর ১টায় নরসিংদী জজ কোর্টের এক দল আইনজীবী মিছিল সহকারে জেলখানার মোড়ে এসে আন্দোলনকারীদের সাথে একাত্ততা প্রকাশ করেন। তারাও আন্দোলনকারীদের সাথে এক দফা দাবিতে স্লোগান ধরেন।

শহরের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বেশির ভাগ দোকান ও মার্কেট বন্ধ রয়েছে। অটোরিকশা ছাড়া তেমন যানচলাচল দেখা যায়নি।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী শহরের ডিসি রোডে সতর্ক অবস্থায় রয়েছে। তারা ডিসি রোডে জেলা প্রশাসকের কার্য্যালয়, আদালত, পুলিশ সুপারের কার্য্যালয় সহ সরকারি ভবনের সামনে দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। তবে আন্দোলনস্থলের পাশে কোন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত