পাবনায় আ.লীগ-শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত ৩, গুলিবিদ্ধ ৩৪

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৪:১৭ পিএম

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. রফিকুল হাসান।

নিহতরা হলেন- চর বলরামপুরের বাসিন্দা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২১), হাজিরহাট ব্রজনাথপুরের বাসিন্দা যুবলীগকর্মী মাহবুবুর রহমান (২২) ও অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।

রবিবার (৪ আগস্ট) ১২টার দিকে পাবনার ট্রাফিক মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় হেলমেট পরিহিত উপজেলা আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ৩৭ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও দুজন। কমপক্ষে ৩২ জন চিকিৎসাধীন আছেন।

বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের ৩৫ জন ভাই আহত হয়েছেন। তাদেরকে আমরা দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে তিনজন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত