মাগুরায় বিএনপি ও ছাত্রদলের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ (৩০) তিনজন নিহত হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অসহযোগ আন্দোলন ঘিরে শহরের পারনান্দুয়ালী-ঢাকা রোড এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
এদিন দুপুরে আবারও পুলিশের সাথে সংঘর্ষ হলে ফরহাদ (২৬) নামে গুলিবিদ্ধ এক যুবদলকর্মী নিহত হয়। তার বাড়ি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে। এছাড়া মহম্মদপুর উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষে সুমন শেখ (২০) এক ছাত্রদলকর্মী নিহত হয়েছে। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র প্রচার সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরের পারনান্দুয়ালী ঢাকা রোড ও ভায়না মোড় এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে আসে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর করে।
পুলিশ তাদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে বিক্ষোভকারী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ ছাত্রদল নেতা রাব্বিকে আহতাবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাব্বি সদরের বরুনাতৈল গ্রামের মইনুদ্দিন বিশ্বাসের ছেলে।
এদিন সকাল থেকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শহরের জামরুলতলা দলীয় কার্যালয় ও ঢাকা রোড এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।
অপরদিকে মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতর ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে অগ্নিসংযোগ হয়। পরে উপজেলা চত্বরে থাকা নির্বাহী কর্মকর্তার গাড়িসহ অর্ধশতাধিক মোটরসাইকেল ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের সাথে বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে।
শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ইলিয়াস কাঞ্চন