বগুড়ায় এমপির বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৩৮ পিএম

বগুড়া সদরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর বাসভবনে হামলা, লুটপাট, ভাঙচুর ও গ্যারেজ থেকে গাড়ি বের করে রাস্তায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বেলা ৩টার দিকে শহরের কালিতলা এলাকায় সদরের সংসদ সদস্য রিপুর বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এমপির বাসার নিচতলায় রাখা পাজেরো ল্যান্ড ক্রুজার জিপগাড়ি রশি দিয়ে টেনে বের করে রাস্তায় নিয়ে আসে। বাসার সিড়ির নিচ থেকে জেনারেটর নিয়ে এসে গাড়িতে তেল ঢেলে আগুন দেয়। দোতলায় এমপির ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়, ওয়েটিং রুম, মুক্ত বাংলা পত্রিকার অফিস ভাঙচুর করা হয়। এ সময় দোতলা গ্লাস ভেঙে বই, আসবাবপত্র, চেয়ার টেবিল নিচে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে সকল জিনিসপত্র একত্রিত করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তিনতলায় এমপি রিপুর বাসায় হামলা চালানো হয়। হামলায় পুরো বাসার তছনছ করে দেয় দুর্বৃত্তরা। এসময় তারা বাসায় থাকা মূল্যবান জিনিসপত্র, সোনা, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

জাহিদ নামে কালিতলা এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, বেলা তিনটার দিকে প্রায় ২ হাজার লোক একসাথে এমপির বাসায় হামলা চালায়। এসময় এমপির পরিবারের লোকজন জীবন নিয়ে কোনরকমে বাসা থেকে বের হয়ে প্রাণ বাঁচিয়েছে।

তিনি আরও বলেন, এমপির দলীয় কর্মীরা তাদের আটকানোর চেষ্টা করলেও তাদের মারপিট করা হয়।

বিকাল সাড়ে ৪টা থেকে এমপি রিপুর বাসার সামনে সেনাবাহিনীর সদস্যরা টহল দিতে থাকলে আন্দোলনকারী ঘটনাস্থল ত্যাগ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত